সৌমিত্র সুমন, নিজস্ব প্রতিবেদক : সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা তিন দিনের বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। উপকূলীয় আকাশজুড়ে এখনও ঘন মেঘের বিস্তার রয়েছে।
এদিকে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হয়ে উঠেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া সাগরে অবস্থানরত মাছধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পটুয়াখালী, বরিশাল, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মহিপুরের ফয়সাল ফিসের স্বত্বাধিকারী ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী বলেন, “সাগরে থাকা সব ট্রলারকে সতর্কতার সঙ্গে মাছ ধরার নির্দেশনা দেওয়া হয়েছে, যেন তারা নিরাপদে থাকতে পারে।”
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া