মোঃ রুবেল হোসেন, দিনাজপুর : গোপালগঞ্জে এনসিপির সভায় হামলার ঘটনায় ফেসবুকে ‘ট্রল’ করে পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমানকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির সভায় ‘জুলাই যোদ্ধাদের’ ওপর হামলার ঘটনা নিয়ে কটাক্ষ করে লেখেন: “ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।”
এই পোস্টটি ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভকারীদের শান্ত করতে দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন আন্দোলনকারীদের আশ্বস্ত করেন যে, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে আন্দোলনকারীরা তাকে শুধু প্রত্যাহার নয়, গ্রেপ্তার করে মামলা দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির বলেন, "এক বছর আগে অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানের নির্দেশেই আমাদের চলমান আন্দোলনে গুলি চালানো হয়েছিল। তখন থেকেই তিনি দিনাজপুরে কর্মরত রয়েছেন এবং বারবার আওয়ামী লীগের ছত্রছায়ায় আমাদের নেতাকর্মীদের হেনস্তা করে আসছেন। আজকের ঘটনায় তার আসল চরিত্র আবারও প্রকাশ পেয়েছে। আমাদের একটাই দাবি—তাকে শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।"
এ প্রসঙ্গে পুলিশ সুপার মারুফাত হোসেন বলেন, “পোস্টটি দেখার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তার প্রত্যাহারের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।”
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া