মিজান প্যাদা, মহিপুর প্রতিনিধি : পটুয়াখালী–৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-এর সাথে ফুলেল শুভেচ্ছা ও স্বর্ণের ধানের শীষ প্রতীক উপহার দিয়েছেন মহিপুর থানা শ্রমিকদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়া উপজেলায় তার নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মহিপুর থানা শ্রমিকদলের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া ও স্বর্ণের ধানের শীষ প্রতীক পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এর আগে, মহিপুর থানা শ্রমিকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের নেতৃত্বে সকাল ৯টায় খাপরাভাঙ্গা ব্রিজ এলাকা থেকে প্রায় শতাধিক মোটরসাইকেলের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাপরাভাঙ্গা ব্রিজ এলাকা থেকে মহিপুর হয়ে কলাপাড়া পৌছেঁ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের বাসভবনে গিয়ে শেষ হয়। পথে পথে নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান পারভেজ, মহিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, মহিপুর থানা শ্রমিকদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর সিকদারসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিটের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।
সংক্ষিপ্ত বক্তব্যে শ্রমিকদল নেতারা বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যের বলিষ্ঠ নেতৃত্বে পটুয়াখালী–৪ আসনে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তারা অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জবাবে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, দলীয় ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি শ্রমজীবী মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের ধৈর্য, দায়িত্বশীলতা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে রাজনীতি পরিচালনার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ সংসদ সদস্যের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া