সৌমিত্র সুমন : পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান, কচিমুখ নাট্যাঙ্গনের গর্বিত সদস্য এবং মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সুদীপন মুখার্জী অর্জুন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর একক অভিনয় বিভাগে জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।
নিজের অসাধারণ মেধা, অধ্যবসায় ও অভিনয় দক্ষতায় পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে জাতীয় মঞ্চে সাফল্য অর্জন করে অর্জুন কলাপাড়ার মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে বরিশাল বিভাগসহ পুরো কলাপাড়াজুড়ে আনন্দের বন্যা বইছে। জাতীয় পর্যায়ে বিচারকদের মুগ্ধ করা তার অভিনয় নৈপুণ্য কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক গর্বের বিষয়। জানা গেছে, দীর্ঘ প্রায় ২০ বছর পর কলাপাড়া থেকে জাতীয় পর্যায়ে এমন সম্মানজনক পুরস্কার অর্জিত হলো।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান।
অর্জুনের এ গৌরবোজ্জ্বল সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওছার হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. শাহিদা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেসারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অর্জুনের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আতিকুর রহমান মিরাজ। তার নিবিড় প্রশিক্ষণ ও দিকনির্দেশনায় অর্জুন জাতীয় পর্যায়ে এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।
অর্জুনের এই সাফল্যের পেছনে রয়েছে তার পরিবারের নিরলস ত্যাগ, উৎসাহ ও অনুপ্রেরণা। তার বাবা কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক অশোক মুখার্জী এবং মা সাংস্কৃতিক কর্মী ও কলাপাড়া মহিলা কলেজের শিক্ষিকা শুভ্রা চক্রবর্তী কল্যাণী সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, অর্জুনের বড় বোন দেবশ্রী মুখার্জী অভিনয়, আবৃত্তি ও জারীগানে মোট পাঁচবার জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। পরিবারের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় অর্জুনের এ সাফল্য কলাপাড়ার সাংস্কৃতিক অঙ্গনে নতুন আশার আলো জাগিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া