বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ২৩ নং ওয়ার্ড নুরবাগ এলাকা আলোচিত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাট গাজী ওরফে গাজারু গাজীর বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বন্দর থানার নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। যৌথ বাহিনী অভিযানে নেতৃত্ব দেন মাদকবিরোধী অভিযানের সমন্বয়ক মেজর আফসান।
যৌথ বাহিনীর সদস্যরা গাজীর বাড়িতে হঠাৎ হানা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করে।
অভিযানের সময় গাজীর মেয়ে লিজা (২৩) ও ভাতিজা বাবু (৩৫) কে হাতেনাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে গাজীর হয়ে মাদক কারবারে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে মূল অভিযুক্ত গাজী অভিযান শুরুর আগেই টের পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।
জানা যায়, মৃত আব্দুল সামাদ মিয়ার ছেলে গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। তাঁর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা বন্দর থানাসহ আশপাশের এলাকায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
অভিযান সম্পর্কে মেজর আফসান বলেন, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট—জিরো টলারেন্স। আমরা কাউকে ছাড় দেব না। এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, গাজীর মাদকের রাজত্বে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে ছিল। তারা দ্রুত গাজীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া