হাফিজুর রহমান লাভলু, স্টাফ রিপোর্টার, শেরপুর : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মৎস্য খামারের পুকুর থেকে ২ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর বুধবার (১৮ জুন) সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বটতলা মৃদাবাড়ি এলাকা থেকে লাশ ২টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই এলাকার মো. সেলিম মিয়ার মেয়ে সকাল আক্তার (৭) ও স্বপন মিয়ার মেয়ে স্বপ্না খাতুন (৬)। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
স্থানীয় ও পুলিশ জানান, মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে ওই ২ শিশুকে খুঁজে পাচ্ছিল না তাদের পরিবারের সদস্যরা।
পরে স্থানীয়ভাবে অনেক খুঁজাখুজি করেও তাদের সন্ধান না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে তাদের ছবি দিয়ে পোস্ট করা হয়।
বুধবার সকাল ৭টার দিকে বটতলা মৃদাবাড়ি এলাকার একটি মৎস খামারে ২ শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা ২ শিশুর মৃত্যুকে হত্যাকান্ড বলে দাবি করছেন। তারা বলছেন, শিশু ২টির বাড়ি ঘটনাস্থল থেকে অনেক দূরে।
এ পুকুরে মাসখানেক আগেও রহস্যজনকভাবে ১জন মারা যায়। পরে প্রজেক্টের মালিক সেটি ধামাচাপা দেয়।
শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করেছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’
প্রকাশক ও সম্পাদক : এম, এইচ মোতালেব খান, নির্বাহী সম্পাদক : মোহাম্মদ মনির হোসেন কাজী
ঠিকানা : ৩৪০/এ, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪, মোবাইল : ০১৯ ১১৮০ ৪৫৮১
2025 © All rights reserved দৈনিক মাতৃছায়া