
সৌমিত্র সুমন, নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কুয়াকাটায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও এর কাঁচামাল ‘ক্রিস্টাল আইস’সহ চার যুবককে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রাতে কুয়াকাটা প্রেসক্লাবে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিদপ্তরের পটুয়াখালী জেলার উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রশিদ।
তিনি জানান, অভিযানে ৭৩ পিস ইয়াবা ও ৮ গ্রাম ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক তিন লাখ বিশ হাজার টাকা। আটক ব্যক্তিরা হলেন—রাসেল মল্লিক (৩২), পিতা: মতিন মল্লিক; আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক; রাকিব (২৯) এবং মেহেদী হাসান (২৫)। তারা সবাই মহিপুর থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলে বয় হিসেবে কাজ করতেন।
উপ-পরিচালক হামিমুর রশিদ বলেন, “পর্যটকদের লক্ষ্য করেই এরা কুয়াকাটায় মাদক সরবরাহ করে আসছিল। আমাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।”
আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদের মহিপুর থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 









