
মোঃ কামরুজ্জামান, স্টাফ রিপোর্টার: শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আধুনিক ও দক্ষ জাতি গঠনে নারীর ক্ষমতায়নের বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা নিশ্চিত এবং অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার বিকেলে শরীয়তপুরের গোসাইরহাটে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
নুরুদ্দিন অপু আরও বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রযুক্তি শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে আমরা কাজ করব।
ধানের শীষের এই প্রার্থী বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মপরিকল্পনায় নারী উন্নয়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি নারীদের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এদিন দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের কুচাইপট্টি মাধ্যমিক বিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন নুরুদ্দিন অপু। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাকে সমর্থন জানান। পরে বিকেল সাড়ে ৩টায় গোসাইরহাট উপজেলা মিনি স্টেডিয়ামে গোসাইরহাট স্পোর্টস একাডেমি ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন তিনি।
এ ছাড়া শুক্রবার রাতে কোদালপুর ইউনিয়নের কোদালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন নুরুদ্দিন অপু। সেখানে তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, রাস্তাঘাট উন্নয়ন, নদীভাঙন রোধ ও তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবার জন্য সমান উন্নয়ন নিশ্চিত করাই তার লক্ষ্য। নুরুদ্দিন অপু বলেন, শরীয়তপুরের মানুষ যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তা তাকে ঋণী করেছে।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোঃ কামরুজ্জামান, স্টাফ রিপোর্টার 









