
মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: “দেশের তৃণমূল পর্যায়ে ইউনিয়ন পরিষদ হচ্ছে টেকসই ও সার্বিক উন্নয়নের মূল মেরুদণ্ড। প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও গ্রামীণ সমস্যার সমাধানে স্থানীয় সরকারের ভূমিকা অপরিসীম,” বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা মো. নুরুল হক নুর (এমপি)।শনিবার সকাল ১০টায় পটুয়াখালী-৩ (১১৩, গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অডিটোরিয়াম হলে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য-সদস্যা ও প্রশাসকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুজর ইজাজুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ।মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খান, বিএনপি নেতা আ. সোবাহান, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির মুন্সী এবং প্রতিমন্ত্রীর গলাচিপা-দশমিনা প্রতিনিধি আবু নাঈমসহ বিভিন্ন প্রশাসনিক ও স্থানীয় নেতৃবৃন্দ।সভায় ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা, স্থানীয় সমস্যা সমাধান ও প্রশাসনিক সার্বিক সার্বিক সহযোগিতা কামনায় জনপ্রতিনিধি ও চেয়ারম্যানগণ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবিনামা তুলে ধরেন। প্রতিমন্ত্রী গুরুত্বসহকারে তাদের কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের আশ্বাস দেন।মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী গলাচিপা উপজেলার ১৪০ নম্বর ব্র্যাক আশ্রয়কেন্দ্র, নির্মাণাধীন মডেল মসজিদ ও স্থানীয় খাল খনন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করেন।
মোঃ হাফিজ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 








