
১৮ মে, ২০২৫, রোজ রবিবার, দুপুর ০১:০০ ঘটিকা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন কুড়িল, পূর্বাচল পানি সরবরাহ প্রকল্প ও টঙ্গী শিল্প এলাকা পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। এসময় রাজউক এর আওতাধীন উক্ত এলাকাসমূহে চলমান উন্নয়ন কার্যক্রম ও অবৈধভাবে দখলকৃত রাজউক এর জমিসমূহ ঘুরে দেখেন।
কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে (কুড়িল হতে বালু নদী পর্যন্ত) ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন শীর্ষক (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় কুড়িল এলাকার তীব্র যানজট নিরসনে কুড়িল-পূর্বাচল লিংক রোডের কুড়াতলী এলাকায় ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিম্নভাগে এবং কুড়িল পূর্বাচল লিংক রোড ও প্রগতি সরণী সংযোগস্থলে ০২ (দুই) লেনের রাস্তা নির্মাণের যৌক্তিকতা নিরূপণ ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের প্রকল্পের আওতায় নির্মাণাধীন প্লাজা-৩ এর বাউন্ডারি ওয়াল অপসারণের যৌক্তিকতা যাচাইয়ের লক্ষ্যে চেয়ারম্যান, রাজউক মহোদয় অত্র এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রগতি সরণি-কুড়িল সংযোগস্থল থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিম্নভাগ দিয়ে কুড়িল পূর্বাচল লিংক রোড পর্যন্ত প্রায় ৬৮০ মিটার রাস্তার পূর্ব পশ্চিম উভয় পার্শ্বের জমির ডিজিটাল সার্ভে করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এরপর রাজউক চেয়ারম্যান পূর্বাচলে পানি সরবরাহ (পিপিপি) প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। প্রকল্পটির সহযোগী হিসেবে রয়েছে United Delcot Water Ltd.। ২০১৯ সালে স্বাক্ষরিত প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ৫৯২.৩৯ কোটি টাকা যার মধ্যে রাজউক ব্যয় করবে ২৯৯.৮০ কোটি টাকা। পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান প্রকল্পটির পাম্প ও সরবরাহ ব্যবস্থা ঘুরে দেখেন।
এরপর রাজউক চেয়ারম্যানসহ পরিদর্শন দল টঙ্গী শিল্প এলাকা পরিদর্শন করেন। যেখানে অনুমোদিত ৬০ ফিট রাস্তার সম্পূর্ণ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা নিয়ে চেয়ারম্যান তীব্র অসন্তোষ প্রকাশ করেন। রাস্তায় ঢোকার মুখে মাঝ বরাবর একটি দোকান পেয়ে তা অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়। এসময় রাস্তার জায়গা দখল করে নির্মাণাধীন একটি মসজিদ এর নির্মান কাজ বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হয়। এসময় রাজউক চেয়ারম্যান বলেন, ” এভাবে রাস্তার জায়গা দখল করে গড়ে অবৈধ স্থাপনাসমূহ অবিলম্বে উচ্ছেদ করে শিল্পাঞ্চলের বিকাশের লক্ষ্যে প্রস্তাবিত রাস্তা নির্মান করতে হবে।” এসময় অবৈধ দোকান, ছোট গুদামঘর সহ অন্যান্য স্থাপনা উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে তিনি জানান।
এরপর রাজউক চেয়ারম্যান রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রকল্পে যান এবং প্রকপ্লের মসজিদ, মন্দির, সুইমিংপুল সহ বিভিন্ন নির্মাণাধীন স্থাপনার বাস্তবায়ন অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। উক্ত স্থাপনাসমূহের উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। একইসাথে তিনি উল্লিখিত স্থাপনাসমূহের নির্মাণ কাজ দ্রুততার সাথে এবং সর্বোচ্চ মান বজায় রেখে করার নির্দেশ দেন। রাজউক উত্তর এপার্টমেন্ট প্রকল্প পরিদর্শনের সময় উক্ত এলাকা এবং মেট্রোরেলের স্টেশনের কাছে নির্মানাধীন অননুমোদিত ফুডকোর্ট পরিদর্শন করেন এবং অবিলম্বে সেখানে নির্মান কাজ বন্ধ করার এবং মালিকপক্ষকে রাজউক ভবনে এসে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন রাজউক এর সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) জনাব মোহাঃ হারুন-অর-রশীদ সহ রাজউক এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
মোল্লা নাসির উদ্দিন 









