
তানভীর সোহেল, বাগেরহাট : চাঁদাবাজি, পক্ষপাতমূলক আচরণ এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহের অপসারণ ও চাকরিচ্যুতির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় শরণখোলার স্থানীয় ফ্যাসিবাদবিরোধী জনগণ ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো রোমানুল ইসলাম।
লিখিত বক্তব্যে ইউএনও সুদীপ্ত কুমার সিংহের বিরুদ্ধে ১২টি গুরুতর অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে–
১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষ নেওয়া এবং শেখ হাসিনার বই অফিসে সংরক্ষণ করা।
২. ব্যবসায়ীদের ড্রেজার আটকিয়ে ১০ লাখ টাকা চাঁদা আদায়।
৩. আওয়ামী লীগ ছাড়া কোনো কমিটিতে স্বাক্ষর না করা।
৪. পলাতক ইউপি সদস্যদের উপস্থিত দেখিয়ে বেতন ও কমিশন বাণিজ্য।
৫. মন্দিরের জন্য অধিক বরাদ্দ, মসজিদের জন্য কম বরাদ্দ।
৬. আহতদের চিকিৎসা সহায়তায় অবহেলা ও মিথ্যাচার।
৭. রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা প্রচার।
৮. অসমাপ্ত কাজ সমাপ্ত দেখিয়ে অর্থ আত্মসাৎ ও কমিশন বাণিজ্য।
৯. সরকারের কার্ড সুবিধা বঞ্চিত করা।
১০. আওয়ামী নেতাদের একচেটিয়া বরাদ্দ প্রদান।
১১. রায়েন্দা ব্রিজসহ অবকাঠামো অব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলার অবনতি।
১২. দায়িত্ব নেওয়ার পর থেকে জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত আত্মগোপনে থাকা ও নিরব ভূমিকা পালন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান ইউএনও সুদীপ্ত কুমার সিংহ শরণখোলায় যোগদানের পর থেকেই বিভিন্ন দুর্নীতি ও অনিয়মে লিপ্ত রয়েছেন। আওয়ামী লীগের সুবিধাভোগীদের একতরফাভাবে সুযোগ-সুবিধা দিয়ে সাধারণ জনগণের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছেন।
তারা অভিযোগ করেন, গত ঈদুল ফিতরে আহতদের জন্য মাত্র পাঁচটি ঈদ সামগ্রী বিতরণ করেও এখন ৫০ প্যাকেট বলছেন। আমরা তাকে চ্যালেঞ্জ করছি – তার বাসার সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দেখাতে হবে তিনি আরও প্যাকেট দিয়েছেন কি না।
এসময় বক্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিবের প্রতি দাবি জানান, আগামী দুই কার্যদিবসের মধ্যে ইউএনও সুদীপ্ত কুমার সিংহকে শরণখোলা থেকে অপসারণ এবং দ্রুত তদন্তের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করতে হবে।
জানা গেছে, এর আগেও গত ৪ মে বিভাগীয় কমিশনার এবং বাগেরহাট জেলা প্রশাসকের বরাবর লিখিতভাবে অভিযোগ দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে স্থানীয় আন্দোলনকর্মী, আহত যুবক, এবং ‘অদম্য জুলাই’ প্ল্যাটফর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 









