
মোঃ মিজানুর রহমান, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার মহিপুর থানাধীন এলাকায় শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
এসময় মো. ফয়সাল গাজী বলেন, “একজন নিরীহ, সৎ ও পরিশ্রমী কৃষিবিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বেড়ে যাবে।”
মো. জাহিদুল ইসলাম রাজিব বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
নিহত শহিদুল ইসলামের বাবা মো. মতিউর রহমান আবেগঘন কণ্ঠে বলেন, “আমার ছেলেটা ছিল খুবই সৎ, নিরীহ ও পরিশ্রমী। সে কখনো কারও ক্ষতি করেনি। যেভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন বাবা হিসেবে আমি শুধু আমার ছেলের হত্যার ন্যায়বিচার চাই। প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি—যাতে আর কোনো বাবাকে এভাবে সন্তান হারাতে না হয়।”
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহিপুর মৎস্য বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচিতে মহিপুর থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
মোঃ মিজানুর রহমান, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 









